রাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ৩ সেপ্টেম্বর , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে এবার প্রথমবর্ষের শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
একই সঙ্গে মনোনয়নপত্র বিতরণের সময় আরও একদিন বাড়ানো হয়েছে। ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি শিক্ষার্থীরাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন।
অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে রাকসু নির্বাচন কমিশন সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে রাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচন আরও অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হবে। তবে নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে সম্প্রতি শাখা ছাত্রদল বিক্ষোভ করে। রোববার তারা রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে দেয় এবং সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।