প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১০ মে , ২০২৫
ঢাকার বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার ফারিয়া হক টিনাকে তিন দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে পুলিশ।
শুক্রবার মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার ইন্সপেক্টর এ কে এম মঈন উদ্দিন তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ।
আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুব আলমের আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত বৃহস্পতিবার ভাটারা থানার জগন্নাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বনানী থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
অভিযোগ রয়েছে, ক্যাম্পাসের সামনে ‘ইঙ্গিতপূর্ণ’ হাসাহাসিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যা করা হয় বিশ্ববিদ্যালয়টির ২২৩ ব্যাচের ছাত্র পারভেজকে। ২২ বছর বয়সী এই শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে।
পারভেজ হত্যার ঘটনায় গত ২৩ এপ্রিল গাইবান্ধা থেকে মামলার প্রধান আসামী মেহেরাজ ইসলামকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২১ এপ্রিল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজীকে কুমিল্লার তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রাম থেকে গ্রেপ্তার করে র্যাব। তারা বর্তমানে কারাগারে রয়েছে।
একই মামলায় মাহাথির হাসান এবং আল কামাল শেখ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়ে কারাগারে রয়েছে। আলভী হোসেন জুনায়েদ, আল আমিন সানি রিমান্ড শেষে কারাগারে রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ এপ্রিল বিকাল ৪টার পর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন। এ ঘটনায় ২০ এপ্রিল বনানী থানায় মামলা করেন নিহতের মামাতো ভাই হুমায়ন কবীর মামলা দায়ের করেন।
মামলায় ৮ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।