প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২৫ মে , ২০২৫
চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে শনিবার সন্ধ্যার পর বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকে বিএনপি’র পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন এবং এ লক্ষ্যে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়। এ ছাড়া বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানানো হয় দলটির পক্ষ থেকে।
জামায়াতের পক্ষ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করা হয়। গণহত্যার বিচার এবং সংস্কারেও জোর দেন দলটির নেতারা। জামায়াতের পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট সময় উল্লেখ না করলেও সুনির্দিষ্ট রোডম্যাপ তারা দাবি করেছেন।
এনসিপি নেতারা নির্বাচন কমিশন পুনর্গঠন এবং গণপরিষদ নির্বাচনের রোডম্যাপ দাবিসহ কয়েকটি বিষয়ে জোর দিয়েছেন।
বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমামের সঙ্গে নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের অংশ নেন দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ডা. তাসনিম জারা অংশ নেন।
রোববার (২৫ মে) আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর করণীয় নির্ধারণ করবেন তিনি।