প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৩১ জুলাই , ২০২৫
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী উমামা ফাতেমা।
বুধবার (৩০ জুলাই) রাতে নিজের ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন তিনি।
পোস্টে উমামা বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। বৈধ সিটের দাবিতে ‘বৈধ সিট আমার অধিকার’ নামের প্ল্যাটফর্ম তৈরি করি। সেই অভিজ্ঞতায় বুঝেছি, বড় ধরনের কাঠামোগত পরিবর্তন ছাড়া এই বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোর সমাধান সম্ভব নয়। আর সেই পরিবর্তন আনতে পারে কেবল সংগঠিত শিক্ষার্থীরাই।”
তিনি জানান, “ডাকসু নির্বাচনে এমন একটি স্বতন্ত্র প্যানেল গঠন করতে চাই, যেখানে থাকবে গবেষণানির্ভর ভাবনা, রাজনৈতিক প্রভাবমুক্ত নেতৃত্ব এবং শিক্ষার্থীদের প্রকৃত কল্যাণের অঙ্গীকার।”
উমামা বলেন, “শিক্ষার্থীরা এমন নেতৃত্ব চায়, যারা কোনো পক্ষের এজেন্ডা বহন করবে না, বরং শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও গবেষণাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করবে। এই বিশ্ববিদ্যালয়কে কেবল ‘নেতা বানানোর কারখানা’ হিসেবে দেখতে চাই না আমরা।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব ফেরাতে, মৌলিক অধিকার আদায়ে এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ প্রতিষ্ঠায় যারা আন্তরিক, সেইসব শিক্ষার্থীদের নিয়ে আমরা একটি বিকল্প নেতৃত্ব গড়তে চাই।”
উল্লেখ্য, ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এর আগে, মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।