ঢাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ২০ আগস্ট , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। বুধবার (২০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শেখ তানভীর বারী হামিম। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পেয়েছেন বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ।
সম্পাদক পদে মনোনয়ন পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন—মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম ও পাঠকক্ষ সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবু হায়াত জুলফিকার জিসান, ক্রীড়া সম্পাদক চিম চিম্যা চাকমা, পরিবহণ সম্পাদক সাইফ উল্লাহ্ সাইফ, সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আনোয়ার হোসাইন এবং মানবাধিকার ও আইন সম্পাদক মেহেদী হাসান মুননা।
তবে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি খালি রাখা হয়েছে। সংগঠনটি জানিয়েছে, আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এ পদে কাউকে প্রার্থী করা হয়নি।
এ ছাড়া ১৩টি সদস্য পদেও প্রার্থী দিয়েছে ছাত্রদল। তারা হলেন—জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল।