রাবি প্রতিনিধি প্রকাশিত: সোমবার , ৭ জুলাই , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হল মসজিদের কক্ষ দখল করে থাকা ১১ শিক্ষার্থীকে সরে যেতে নোটিশ দিয়েছে হল প্রশাসন। তারা হল মসজিদের দ্বিতীয় তলায় অবস্থিত একটি কক্ষকে গণরুম হিসেবে দীর্ঘদিন ব্যবহার করে আসছিল।
এর আগে কয়েকবার মৌখিকভাবে নির্দেশনার পরও তারা কক্ষ না ছাড়ায় এবার লিখিত নোটিশ দিয়েছে হল প্রশাসন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. ছামিউল ইসলাম সরকার স্বাক্ষরিত নোটিশে বলা হয়, “মতিহার হল মসজিদের দ্বিতীয় তলায় অবস্থানরত সকল ছাত্রদেরকে আগামী ৯ জুলাইয়ের মধ্যে অবস্থান ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হলো। উল্লেখ্য যে, আগামী শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ মতিহার হল মসজিদের প্রথম ও দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে।”
ওই রুমে অবস্থান করা শিক্ষার্থীরা বলেন, গত বছরের ৫ অগাস্টের পর আর্থিক অসচ্ছলতার কারণে তারা ওই কক্ষে অবস্থান নিতে বাধ্য হন। শুরুতে হল প্রশাসন কিছু বলেনি। পরে আবাসিক সিটের জন্য আবেদন করেও সাড়া পাননি তারা। ফলে বিকল্প ব্যবস্থা না থাকায় সেখানেই থাকতে হচ্ছিল তাদের।
মতিহার হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ছামিউল ইসলাম সরকার বলেন, “আমার হলে কোনো অনুমোদিত গণরুম নেই। মসজিদের দ্বিতীয় তলার ওই কক্ষটি মসজিদেরই অংশ এবং আমি দায়িত্ব গ্রহণের আগে থেকেই সেখানে কিছু শিক্ষার্থী অনুমতি ছাড়াই অবস্থান করছিল। আমি তাদের তিন দফায় অবস্থান ত্যাগের নির্দেশ দিয়েছি। তবে তারা ত্যাগ করেনি।”
অভিযোগ রয়েছে, অবৈধভাবে মসজিদের কক্ষ দখল করে রাখা শিক্ষার্থীদের উসকানি দিয়ে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা চেষ্টা করছে একটি কুচক্রী মহল।