শাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ১৭ সেপ্টেম্বর , ২০২৫
শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবির পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী। রোববার (১৪ সেপ্টেম্বর) তিনি বিষয়টি নিশ্চিত করেন।
উপাচার্য বলেন, “প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। আমরা চাই শাকসু নির্বাচন উৎসবের আমেজে হোক। শিক্ষার্থীরা যাতে সংঘাতে না জড়িয়ে পড়াশোনার পাশাপাশি নির্বাচনে অংশ নেয় এবং নির্বাচিত প্রতিনিধি পেয়ে তাদের দাবি-দাওয়া প্রশাসনের কাছে উপস্থাপন করতে পারে।”
তিনি জানান, বর্তমানে ক্যাম্পাসে সেমিস্টার ফাইনালের প্রস্তুতিমূলক ছুটি (পিএল) চলছে। অক্টোবরের ১৫ তারিখের দিকে পরীক্ষা শেষ হলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ জন্য শিগগিরই নির্বাচন কমিশন গঠন করা হবে। পাশাপাশি অসম্পূর্ণ থাকা হল সংসদের গঠনতন্ত্রের কাজ শেষ করা হবে। পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৭ সালে। দীর্ঘ ২৮ বছর ধরে এই সংসদ অচল রয়েছে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু) নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এসবের প্রেক্ষিতে শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন।