প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৮ এপ্রিল , ২০২৫
বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপ করা ৩৭ শতাংশ সম্পূরক শুল্ক পুনর্বিবেচনা করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে সোমবার পাঠানো ওই চিঠিতে শুল্কারোপের সিদ্ধান্ত ৩ মাস স্থগিতের অনুরোধ করেছেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম চিঠির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন। শিগগিরই তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে পৌঁছে যাবে বলে তিনি জানান।
প্রধান উপদেষ্টা চিঠিতে বলেন, “…চলমান পরিকল্পিত কাজগুলো আমরা পরবর্তী প্রান্তিকের মধ্যে শেষ করব। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে গুরুত্বপূর্ণ কাজগুলো সুচারুভাবে শেষ করতে দয়া করে প্রয়োজনীয় সময় আমাদের দিন।”
চিঠিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে যা যা করা দরকার বাংলাদেশ তা করবে। এর অংশ হিসেবে মার্কিন কৃষি পণ্য আমদানি বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক কমানো এবং অশুল্ক বাধা অপসারণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ৮৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে, যার মধ্যে তৈরি পোশাকের পরিমাণ ৭৩৪ কোটি ডলার।