যবিপ্রবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ১৫ এপ্রিল , ২০২৫
গণঅভ্যুথানের বিরোধি আলোচিত ও বিতর্কিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক সুজন চৌধুরীর বিরুদ্ধে এবার ধর্ষণ মামলা হয়েছে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে।
তার শাস্তি চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন এক ভুক্তভোগী নারী।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ধর্ষণের শিকার হওয়া নারী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন।
এর আগে সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রশ্নফাঁস, নারী শিক্ষার্থীদের হয়রানি করা, ও জুলাই আন্দোলনের তীব্র
বিরোধীতাসহ বিভিন্ন বিভিন্ন বিষয়ে বিতর্কিত হয়ে উঠছিলেন সুজন।
অভিযোগপত্র থেকে জানা যায়, ২০২৪ সালে ২২ অক্টোবর ভুক্তভোগীর নিজ বাসায় একাধিকবার ধর্ষণ করেন সুজন চৌধুরী। এ ঘটনায় ধর্ষণের শিকার হওয়া নারী থানায় মামলা করতে গেলে পুলিশ সুজন চৌধুরীর সাথে অর্থের বিনিময় করে মামলা নিতে অপারগতা প্রকাশ করেন এবং আদালতের শরণাপন্ন হতে বলেন।
পরে তিনি চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে মামলা দায়ের করেন। ওই মামলার জিজ্ঞাসাবাদের জন্য সুজন চৌধুরীকে কয়েক দফায় ডাকা হলেও তিনি বিভিন্ন বাহানায় বিষয়টি এড়িয়ে যান এবং ভুক্তভোগীকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেন।
এ ব্যাপারে জানতে ভুক্তভোগী বলেন, “আমি সুজনের বিরুদ্ধে মামলা করেছি। আমি এর যথাযথ বিচার চাই।”
তবে সব অভিযোগ অস্বীকার করে সুজন সাংবাদিকদের বলেন, আমাকে ব্লাকমেইল করে টাকা দাবি করছেন ঐ নারী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব বলেন, আমার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। আমি সেটা বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করবো।
মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তদন্তকারী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তা এস আই তালেব বলেন, আমি এই মামলার বিষয়ে তদন্ত করছি। যেহেতু ধর্ষণের মামলা তাই মেডিকেল রিপোর্ট প্রয়োজন। মেডিকেল রিপোর্ট আসার পর বিস্তারিত জানাতে পারবো।