ইবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ১৫ মে , ২০২৫
রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির ২০২৫-২৬ রোটাবর্ষের নির্বাচন বুধবার (১৪ মে) সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।
নির্বাচনে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনির হোসেন সভাপতি এবং হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজীব হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ২৬ জন ভোটার তাদের ভোট দেন।
নবনির্বাচিত সভাপতি-সম্পাদক পরামর্শক্রমে পরবর্তীকালে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। সারা বিশ্বের মতো চলতি বছরের ১ জুলাই রাত ১২টা ১ মিনিটে স্বয়ংক্রিয়ভাবে দায়িত্বপ্রাপ্ত হবেন।
নবনির্বাচিত সভাপতি মনির হোসেন বলেন, “সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সংগঠনের পথচলার ধারাবাহিকতা রক্ষা গতিশীলতা আনয়নে চেষ্টা করবো। এ জন্য ক্লাবের সদস্য ও সাবেকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।”
ফলাফল ঘোষণার সময় সংগঠনটির উপদেষ্টা ও শহীদ জিয়াউর রহমান হলের নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড.আব্দুল গফুর গাজী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব’ স্লোগানকে ধারণ করে ১৯৬৮ সালে রোটার্যাক্ট ক্লাব প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বের ১৯০টির অধিক দেশে কাজ করে যাচ্ছে রোটারি ইন্টারন্যাশনালের যুব সংগঠনটি। এটি ১৯৯২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে।
নেতৃত্ব গঠন, ক্যারিয়ার উন্নয়ন, রক্তদান, পথশিশু ও ছিন্নমূলদের সহযোগিতাসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।