ঢাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ২৮ আগস্ট , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৭ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন। এর আগে শাহবাগ থানার এসআই আসাদুল ইসলাম তাকে আদালতে হাজির করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, জালাল ও তার রুমমেট রবিউল হক হাজী মুহম্মদ মুহসীন হলের একই রুমে থাকতেন। জালাল প্রায়ই তাকে মারধর ও হুমকি দিতেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১২টার দিকে শব্দ করতে শুরু করলে এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে জালাল হত্যার উদ্দেশ্যে রবিউলকে কাঠের চেয়ার ও পুরনো টিউবলাইট দিয়ে আঘাত করেন। এতে রবিউল গুরুতর আহত হন। পরে হলের প্রাধ্যক্ষ সিরাজুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।
শুনানিতে জালালের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট জায়েদুর রহমান। তিনি দাবি করেন, রুমমেট অবৈধভাবে হলে থাকতেন এবং উল্টো তার মক্কেলের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।
নিজের বক্তব্যে জালাল বলেন, আওয়ামী লীগের আমলে তিনবার জেলে গেছেন। বর্তমানে বহিরাগত রুমমেটকে হলে থাকার বিষয়ে হাইকোর্টে রিট করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ কারণেই তার ওপর হামলা হয়েছে বলে দাবি করেন।
তবে উভয়পক্ষের যুক্তি শুনে আদালত জামিন আবেদন নাকচ করেন। বিচারক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।