প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ১৩ জুন , ২০২৫
আইন পাস হওয়ার দুই যুগ পর বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য নিয়োগ দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে ৪ জুন নিয়োগ যোগদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক কুদরত-ই-জাহান।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপাচার্য নিয়োগের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমতিক্রমে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০(১) ধারা অনুসারে কুদরত-ই-জাহানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো। যোগদানের পর থেকে তাঁর মেয়াদকাল চার বছর হবে এবং বর্তমান পদের সমপরিমাণ বেতন ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জায়গা এখনো চূড়ান্ত হয়নি। ফলে অস্থায়ী ক্যাম্পাসেই ১৭ জন কর্মকর্তা-কর্মচারী ও ৮টি বিভাগ নিয়ে দেশের ৫৫তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
প্রসঙ্গত, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হয় ২০০১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে। তবে এরপর বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার এবং পুনরায় আওয়ামী লীগের সরকার থাকলেও উপাচার্য নিয়োগ, স্থায়ী ক্যাম্পাস, নিয়োগ কিংবা অবকাঠামো—কোনো কিছুই হয়নি।