প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৩১ জুলাই , ২০২৫
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক ছয়টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সাত সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আবদুল্লাহ আল মামুন ও বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম ও সুলতান মাহমুদ।
মামলাগুলোর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে ১১ ও ১৩ আগস্ট।
অভিযুক্তদের মধ্যে শেখ হাসিনার পরিবারের সদস্যরা হলেন—ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি)।
দুদকের আইনজীবী জানান, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্পে ৬০ কাঠা জমির প্লট বরাদ্দ নিয়েছেন। এ বিষয়ে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক। পরে ছয়টি মামলা দায়ের ও গত ১০ মার্চ অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়।
এর আগে, গত এপ্রিল মাসে তিনটি মামলায় একই ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এসব মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ আরও ১৬ জনকে আসামি করা হয়েছে।