প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১২ এপ্রিল , ২০২৫
বর্ষবরণের মাত্র একদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতিমূলক মোটিফগুলোতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার ভোরে এই আগুনের ঘটনা ঘটানো হয়। এবারের শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দৈত্যাকৃতির একটি মোটিফ তৈরি করা হচ্ছিল যা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আগুনের টার্গেট ছিল এই মোটিফ; সেটি পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রার যে মোটিফ তৈরি করা হচ্ছিল সেগুলোই বেশি পুড়েছে ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, “আমাদের ধারণা, পৌনে ৫টা থেকে ৫টার মধ্যে আগুন লেগেছে। তবে কীভাবে এই আগুন লেগেছে তা আমরা এখনো নিশ্চিত নই।”
গত বছরের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।
এবার থেকে বাংলা নববর্ষ বরণের অন্যতম আয়োজন ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম আর থাকছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে রাজধানীতে বাংলা নববর্ষের এবারের শোভাযাত্রার নাম হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।
ঢাবির ভিসি বলেন, কোনো কিছু বাদ দেওয়া হচ্ছে না। বর্ষবরণের আনুষ্ঠানিকতা আগের নিয়মে ফিরে যাচ্ছে। আনন্দ শোভাযাত্রা নামেই এর সূচনা হয়েছিল।