ঢাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ৩ সেপ্টেম্বর , ২০২৫
আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে দলীয়করণমুক্ত ও নারীবান্ধব ক্যাম্পাসসহ ১১ দফা ইশতেহার ঘোষণা করেছে উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী উমামা ফাতেমা লিখিত ইশতেহার পাঠ করেন। এসময় জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়া ও প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
ইশতেহারে প্রধান অঙ্গীকার হিসেবে উল্লেখ করা হয়— একাডেমিক ক্যাম্পাসকে বিরাজনীতিকরণমুক্ত রাখা, নারীবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। এছাড়া প্রতিবছর ডাকসু নির্বাচন আয়োজনের জন্য একাডেমিক ক্যালেন্ডারে তা অন্তর্ভুক্ত করা, গবেষণা খাতে বাজেট বরাদ্দ ২ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশে উন্নীত করা, শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও লাইব্রেরিতে ন্যায্য বেতনে পার্টটাইম চাকরির ব্যবস্থা, যৌন নিপীড়ন প্রতিরোধ সেলকে কার্যকর করা এবং অভিযোগের অগ্রগতি অনলাইনে নিয়মিত প্রকাশ করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
ইশতেহারে আরও বলা হয়েছে— প্রতিটি হলে প্রশাসনিক তত্ত্বাবধানে ক্যান্টিন ও ডাইনিং চালুর উদ্যোগ, শিক্ষার্থীদের খাদ্যের ওপর ভর্তুকি আদায়, শতভাগ আবাসন নিশ্চিতকরণ, নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর সঙ্গে সিট বরাদ্দ অথবা বিকল্প আবাসন বৃত্তির ব্যবস্থা করা হবে। একই সঙ্গে বিজনেস ফ্যাকাল্টির ই-লাইব্রেরি পুনরায় চালু, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ডিজিটালাইজেশন, কোর্স রেজিস্ট্রেশন ও ফলাফল অনলাইনে করার প্রতিশ্রুতিও দেওয়া হয়।
এছাড়া কোটাধারী ও সাধারণ খেলোয়াড়দের মধ্যে বৈষম্য নিরসন, পরিবেশবান্ধব ক্যাম্পাস ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা, ময়লার ঝুড়ি স্থাপন ও মনিটরিংয়ের মাধ্যমে পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতিও প্যানেলের ইশতেহারে অন্তর্ভুক্ত।
অন্যদিকে, নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নানা উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, সাইবার বুলিং ঠেকাতে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছে। ইতোমধ্যে অভিযোগ পাওয়া বিভিন্ন অনলাইন পেজ ও গ্রুপের ঠিকানা চিহ্নিত করে সাইবার পুলিশ কমিশনার বরাবর পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা করে ভোটের দিন নিরাপত্তা নিশ্চিত করতে প্রটোকল তৈরি করা হয়েছে। বহিরাগতদের হলে অবস্থান বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অনাবাসিক শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে আসতে পারেন, সে জন্য বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলে কোনো বাধা না হয়— এ বিষয়ে আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে।