প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি , ২০২৫
সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১৫ ফেব্রুয়ারি থেকে বসছে জাতীয় ঐকমত্য গঠন কমিশন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার প্রেস বিফ্রিংয়ে এ কথা জানান।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ছয় কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন নিয়ে দলগুলোর সঙ্গে সেদিন থেকে সংলাপ শুরু হবে। সংস্কার কমিশনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের শরিকরা বৈঠকে অংশ নেবেন। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রথম বৈঠকে সব রাজনৈতিক দলসহ সবাই অংশ নেবেন। তারা সবাই মিলে পরবর্তীতে সম্মিলিত নাকি পৃথক বৈঠক হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ছাত্র জনতার গণ আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দেশের গণতান্ত্রিক উত্তরণে বিভিন্ন উদ্যোগের মধ্যে অক্টোবরে প্রথম ধাপে রাষ্ট্রের ছয়টি খাত সংস্কারে কমিশন গঠন করে।
পরে এসব সংস্কার কমিশন নিয়ে অন্তর্বর্তী সরকার ‘ঐকমত্য গঠন কমিশন’ নামে আলাদা একটি কমিশন গঠন করে, যেটির নেতৃত্বে রয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।