প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২৪ সেপ্টেম্বর , ২০২৫
থিয়ারওয়ার্ল্ডের আয়োজিত বার্ষিক গ্লোবাল এডুকেশন ডিনার–এ সম্মানিত হয়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তাকে প্রদান করা হয় মর্যাদাপূর্ণ ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তার অনন্য অবদান এবং শিক্ষার প্রসারে দীর্ঘদিনের অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিষয়ক বিশেষ দূত ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং থিয়ারওয়ার্ল্ডের চেয়ারম্যান সারা ব্রাউন। এ সময় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডিকেও সম্মাননা দেওয়া হয়।
গর্ডন ব্রাউন অনুষ্ঠানে বলেন, “গত অর্ধশতাব্দীতে কোনো বেসরকারি উদ্যোগ মানুষের দারিদ্র্য হ্রাসে গ্রামীণ ব্যাংকের মতো প্রভাব রাখতে পারেনি।”
পুরস্কার গ্রহণ করে ড. ইউনূস বলেন, খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো ঋণকেও মৌলিক মানবাধিকার হিসেবে বিবেচনা করা উচিত। ক্ষুদ্রঋণ ব্যবস্থার মাধ্যমে নারীদের ক্ষমতায়ন ও সন্তানদের শিক্ষার সুযোগ তৈরি করা তার কাজের মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
তিনি প্রচলিত শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, ছোটবেলা থেকেই শিশুদের উদ্যোক্তা হওয়ার শিক্ষা দেওয়া জরুরি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ব্যবসাকে কেবল মুনাফার নয়, মানবকল্যাণের হাতিয়ার হিসেবে ব্যবহার শেখানো উচিত।
ড. ইউনূস আরও যোগ করেন, “মানবজাতির সব সমস্যার সমাধান ব্যবসায়িক উপায়ে সম্ভব, যদি সেটিকে সঠিকভাবে কাজে লাগানো যায়।”