প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ৮ নভেম্বর , ২০২৫
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে আগামীকাল রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে এ ঘোষণা দেন তারা।
এর আগে বিকেলে ‘কলম সমর্পণ’ কর্মসূচি পালনের উদ্দেশ্যে মিছিল নিয়ে শাহবাগে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে বলে অভিযোগ করেছেন শিক্ষকরা। এতে কয়েকজন শিক্ষক ও সাংবাদিক আহত হন।
ঘটনার পর আন্দোলনরত শিক্ষকরা শহীদ মিনারে ফিরে গিয়ে অবস্থান নেন এবং সেখান থেকেই কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেন। শিক্ষক নেতারা জানান, বিনা উসকানিতে পুলিশের এই হামলা ন্যক্কারজনক ও অমানবিক। হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো—বেতন ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান।
শিক্ষক নেতারা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছি। সরকার যতদিন বাস্তব পদক্ষেপ না নেবে, ততদিন সারাদেশে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।”