ঢাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ২৫ জুন , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকার রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে টিএসসিজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টায় রাজু ভাস্কর্যের পাদদেশের ঘাসের মধ্যে এ বিস্ফোরণ ঘটে। তবে, কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, সে ব্যাপারে জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, দুর্বৃত্তরা বাইকে করে এসে রাজু ভাস্কর্যের সামনে একটি ককটেল সদৃশ বস্তু ফেলে দ্রুত পালিয়ে যায়। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে চারপাশের পরিবেশ থমথমে হয়ে ওঠে।
তাদের ধারণা, আসন্ন ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে শিক্ষার্থীদের মনে ভয় ঢুকিয়ে দিতেই দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে।
বিস্ফোরণের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে থেকে রাত এগারোটায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।
মিছিল শেষে প্রক্টর অফিসের সামনে সংবাদ সম্মেলন করেন সংগঠনের নেতারা।
বাগছাসের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, “আমরা মনে করছি ক্যাম্পাস নিরাপদ। কিন্তু কেউ যদি ক্যাম্পাসকে অনিরাপদ করার চেষ্টা করে, তাহলে এটা কৃত্রিম। আমরা মনে করি ক্যাম্পাসে ককটেল মেরে ডাকসু বন্ধ করা যাবে না। এটা অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত।”
আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর জন্য প্রস্তুত। আর আজই যখন এমন ঘটনা ঘটে, সেটা ডাকসু বন্ধ করার অপতৎপরতারই অংশ বললেন এই ছাত্র নেতা।
বিস্ফোরণের বিষয়ে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে জানার চেষ্টা করছি, কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে।