প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি , ২০২৫
গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ঠেকাতে গিয়ে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মো. কাশেম মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বুধবার বিকালে তার মৃত্যু হয়। কাশেমের বাড়ি গাজীপুর বোর্ডবাজার এলাকায়, তার বাবা মৃত জামাল হাজী।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল ৩টার দিকে মারা যান কাশেম।”
নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আব্দুল আহাদ বলেন, মো. কাশেমের মাথায় কোপানো হয়েছিল। গত শুক্রবার রাতে আমরা তার অস্ত্রোপচার করি। এরপর তাকে পোস্ট অপারেটিভ থেকে আইসিইউতে নেওয়া হয়।
গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গাজীপুর নগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঠেকাতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যদের অভিযোগ, তারা সেখানে যাওয়ার পর আওয়ামী লীগ ও স্থানীয় লোকজন মাইকিং করে তারে ওপর হামলা চালায়।
গাজীপুর মহানগর পুলিশের এডিসি (উত্তর) রবিউল ইসলাম ওই হামলায় ১৩ জনের আহত হওয়ার খবর দিয়েছিলেন, যাদের মধ্যে থেকে মো. কাশেমসহ সাতজনকে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।