রাবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ১৯ এপ্রিল , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৫১ জন শিক্ষার্থী।
এই ইউনিটে মোট ১৮৭২টি আসনের বিপরীতে শনিবার (১৯ এপ্রিল) পরীক্ষায় বসছেন ৯৬ হাজার ১৬২ জন ভর্তিচ্ছু।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দুটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ডিনস কমপ্লেক্সের সামনে বেলা সাড়ে ১১ টায় প্রেস ব্রিফিং করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো অসদুপায় কিংবা প্রক্সি কাণ্ডের ঘটনা ঘটেনি।”
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “ভর্তি পরীক্ষার সকল অনিয়ম ঠেকাতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যে কোনো অনিয়ম ঠেকাতে পুলিশ, র্যাব, গোয়েন্দা বাহিনীর কয়েকটি টিম ট্র্যাফিক, ইনটেলিজেন্স ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে।”
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল 'বি' ইউনিটের পরীক্ষার মাধ্যমে রাবিতে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। আগামী ২৬ এপ্রিল 'সি' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা। এ বছর ভর্তি পরীক্ষা রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে।