জাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ৮ ফেব্রুয়ারি , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রবিবার।
‘ডি’ ইউনিটে প্রতি আসনে লড়বেন ২৮০ জন শিক্ষার্থী। এবার মোট ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে দুই লাখ ৬২ হাজার ৪৯০টি আবেদন জমা পড়েছে। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রায় ১৪৫ জন শিক্ষার্থী লড়বেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা ক্যাম্পাস মিররকে জানান, রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় প্রথম শিফিটের পরীক্ষা শুরু হয়ে বিকাল ৩ টা ১৫ মিনিট পর্যন্ত ৫ম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্যে দিয়ে শেষ হবে প্রথম দিনের পরীক্ষা।
এদিকে ‘ডি’ ইউনিটের আবেদন বিশ্লেষণ করে দেখা যায়, জীববিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। ৩১০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮৬ হাজার ৭৮৮টি। সেক্ষেত্রে প্রতি আসনের বিপরীতে ২৮০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন। দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে ‘এ’ ইউনিটে। গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত এই ইউনিটে ৪২৬ আসনের বিপরীতে লড়াই করবেন ৭৩ হাজার ১৬৯ শিক্ষার্থী।
এ ছাড়াও কলা ও মানবিকী অনুষদ ও আইন অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটে ৪৩৮টি আসনের বিপরীতে লড়বেন ৫৩ হাজার ৪০১ শিক্ষার্থী। সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৭৭৪টি। ‘সি১’ ইউনিটে (নাট্যতত্ত্ব ও চারুকলা) ৬৪ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫ হাজার ৫০৭টি। ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ১৫ হাজার ১৮৩টি। ‘আইবিএ-জেইউ’এ ৫০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৬৮৮টি।
★ ভর্তি পরীক্ষায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা :
১. OMR ফরমের বৃত্ত সাধারণ কালো বলপেন দ্বারা পূরণ করতে হবে। OMR ফরম পূরণে ভুল হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। যৌক্তিক কারণ ছাড়া পরীক্ষার্থীকে অতিরিক্ত OMR ফরম দেওয়া হবে না। OMR ফরম ভাঁজ করা, কাটাকাটি করা, অবাঞ্ছিত দাগ দেওয়া, স্টাপলার বা Pin-up করা এবং ফরমের ওপর পানি ফেলা যাবে না।
২. ভর্তি পরীক্ষার রোল নম্বর, দিনের শিফট ও প্রশ্নপত্রের সেট কোড অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবং সংশ্লিষ্ট ঘর যথাযথভাবে পূরণ করতে হবে। পরীক্ষা শেষে OMR Sheet ও প্রশ্নপত্র পরিদর্শকের কাছে জমা দিতে হবে।
৩. পরীক্ষার্থী কর্তৃক ডাউনলোডকৃত প্রবেশপত্রের মাধ্যমে পরীক্ষার আসন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।
৪. পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের ন্যূনতম ১০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে।
৫. পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বইপত্র, মুঠোফোন, ঘড়ি, ক্যালকুলেটর কিংবা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। সময় দেখার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে।
৬. পরীক্ষার্থী ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি/ব্যক্তিরা ভিন্ন অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
৭. ভর্তি পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার পর থেকে সর্বোচ্চ ৭ (সাত) দিনের মধ্যে ju-admission.org থেকে জানা যাবে।
৮. ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
৯. ঢাকা শহর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এ জন্য যেসব পরীক্ষার্থী ঢাকা শহর বা দূরবর্তী অন্য কোনো স্থান থেকে এসে পরীক্ষা দেবে, তাদের যানজটসহ অপ্রত্যাশিত দুর্ভোগ এড়ানোর জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসার পরামর্শ দেওয়া হলো। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কোনো বাসে পরীক্ষার্থী বা তাদের অভিভাবকেরা আসা-যাওয়া করতে পারবেন না।