ঢাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের এক নারী প্রার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী (শ্রেণি রোল ৫৪, রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮) এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র আলী হুসেনকে প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে। পাশাপাশি অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতেও পাঠানো হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করে। প্রক্টর অফিসের তিন সদস্যের তদন্ত কমিটি ও ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের দুই সদস্যের কমিটি এ ঘটনার অনুসন্ধান শুরু করে।
এদিকে ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।