জাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ৭ ফেব্রুয়ারি , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নিয়ে প্রশাসনের দেওয়া রোডম্যাপ পিছিয়ে মে মাসে গিয়ে ঠেকেছে। তবে ২১ মে’র মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এরমধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নিল। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) মধ্যরাতে বিশ্বিবদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের তারিখ নির্ধারণের বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ২০২৫ সালের মে মাসের তৃতীয় সপ্তাহে (২১ মে'র মধ্যে) অনুষ্ঠিত হবে। এতদ্উদ্দেশ্যে ইতোমধ্যে গঠিত নির্বাচনী কমিশন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠণতন্ত্র অনুযায়ী নির্বাচনের ন্যূনতম ২১ দিন আগে অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রাতে তফসিল কবে হবে সে বিষয়ে প্রশাসনের ঘোষণার অপেক্ষায় রেজিস্ট্রার বিল্ডিং এ এসে অবস্থান নেয়। পরে উপাচার্যের কাছে নির্বাচনী তফসিল যথাসময়ে কেন হলো না এবং রোডম্যাপ কেন পিছিয়ে গেল এ নিয়ে জানতে চান। উপাচার্য তাদের সাথে আলোচনা করে জানান যে, এপ্রিলে তফসিল ঘোষণার সময় নির্ধারণ করা হয়েছে যথোপযুক্ত সময় বিবেচনা করে, কেননা এর আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও রোজার বন্ধ রয়েছে যেখানে প্রকৃতপক্ষে ২১ দিন যে টাইমফ্রেম বিবেচনা করে নির্বাচন দেয়ার কথা হয়েছে সেটি পাওয়া যাবে না। এর সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে, বিভাগের শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্য থেকে নেয়া মতামতের ভিত্তিতে যে ন্যূনতম সংস্কারের আলাপ এসেছে তা সংস্কার কমিশনের মাধ্যমে হয়ে যাবে। শেষে উপাচার্য উপস্তিত শিক্ষার্থীদের লক্ষ্য করে বলেন, তোমরা যদি সত্যিকার অর্থেই জাকসু চাও, তাহলে এই বিজ্ঞপ্তিকে বিবেচনা করা আলোচনা করো এবং পরে আমাদেরকে কাছে আসো। আলোচনা শেষে শিক্ষার্থীরা প্রশাসনের দেয়া নির্বাচনী তারিখ মেনে নেয়।
প্রশাসনের দেওয়া রোডম্যাপ অনুযায়ী গত ১ ফেব্রুয়ারি জকসু নির্বাচনের তফসিল ঘোষণার কথা থাকলেও জাকসুর গঠনতন্ত্র সংস্কার ও জুলাইয়ে শিক্ষক- শিক্ষার্থীদের হামলার বিচার করার পরে নির্বাচন চান জাবি শাখা ছাত্রদল। এরই পরিপ্রেক্ষিতে ১০ সদস্যের একটি সংস্কার কমিটি গঠন করা হয়। এতে জাকসু ও হল সংসদের গঠনতন্ত্রের সংস্কার বিষয়ে সংশ্লিষ্ট কমিটির সুপারিশ নিয়ে জাকসু ও হল সংসদ নির্বাচন যৌক্তিক সময়ে আয়োজনের জন্য ৬ ফেব্রুয়ারি সিদ্ধান্ত ঘোষণার তারিখ গৃহীত হয়।
এসংক্রান্ত আরও খবর: