রাবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ২৬ এপ্রিল , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিদ্যুৎস্পৃষ্টে রিমন ঘোষ তুফান (২৪) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছেন। মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। রিমন নগরীর ৮ নম্বর ওয়ার্ডের সিপাইপাড়ার রাজেন ঘোষ ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রিমন শুক্রবার বিকেলে ক্যাম্পাসের একটি জুসের দোকানে বিদ্যুৎ সংযোগ দিতে এসেছিলেন। পোলে ওঠার কিছুক্ষণ পর তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঝুলে থাকেন। পরিস্থিতি বুঝতে পেরে পাশের ভবনের গার্ড এসে মেইন সুইচ বন্ধ করে দিলে রিমন নিচে পড়ে যান। তখন দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
মমতাজ উদ্দিন আহমেদ কলা ভবনের গার্ড বিদ্যুতের কাজ করতে মানা করেছিলেন। তিনি জানান, “তাদের বলেছিলাম, আজ শুক্রবার, অফিস বন্ধ আছে। যে দিন খোলা থাকবে, সে দিন সংযোগ নেবেন। কিন্তু তারা কথা শোনেননি। কিছুক্ষণ পরই দেখতে পাই, যিনি বিদ্যুৎ সংযোগ দিতে এসেছেন, তিনি বিদ্যুৎ পোলের উপরে তারের সঙ্গে ঝুলে আছেন।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, জানতে পেরেছি, বিদ্যুৎ সংযোগ দিতে এসেছিলেন ওই যুবক। ইলেকট্রিক শক লাগার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।