চবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২৪ ফেব্রুয়ারি , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো শুরু হয়েছে ওয়াশিং মেশিন, লকার ও ভেন্ডিং মেশিনের কার্যক্রম।
সোমবার (২৪শে ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহইয়া আখতার ফিতা কেটে এ সার্ভিসের উদ্বোধন করেন।
এদিন দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় ‘ক্যারিয়ার কোয়েস্ট’ প্রোগ্রাম আয়োজন করে ‘ইউর ক্যাম্পাস’। এই সংগঠনটিই ভেন্ডিং মেশিনের উদ্যোক্তা।
অনুষ্ঠানের শুরুতেই ‘ইউর ক্যাম্পাস’ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিলজার রহমান ‘ইউর ক্যাম্পাস’ সম্পর্কে ধারণা দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তিনি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের মতামত গ্রহণ করেন।
উপাচার্য ‘ইউর ক্যাম্পাস’ এর ক্যাম্পাসভিত্তিক সেবাকে শিক্ষার্থীদের জন্য একটি যুগোপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও চলমান প্রকল্পসমূহের বিষয়ে আলোকপাত করেন।
তিনি বলেন, "আমরা শিক্ষার্থীদের বেটারমেন্টের জন্য এবং বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু একাডেমিক পরিবেশ বজায় রাখার জন্য যা করার প্রয়োজন হবে সেটার সর্বোচ্চ চেষ্টা করব এবং শিক্ষার্থীদের কাছেও প্রত্যাশা থাকবে যেন তারা একাডেমিক এক্সিলেন্স দিয়ে বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যায়।"
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন ‘ইউর ক্যাম্পাস’কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ক্যাম্পাসের সম্পদগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং বর্জ্য ব্যবস্থাপনার দিকে লক্ষ্য রেখে সবুজ ক্যাম্পাস বজায় রাখতে হবে।
ক্যারিয়ার কোয়েস্ট পর্বে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন ইয়ুথ পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশনের (ওয়াইপিএসএ) প্রধান নির্বাহী মোহাম্মদ আরিফুর রহমান এবং কিরেই (Kirei) এর সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মিথুন রাহা।
ফাহমিতুজ সাদিয়া নীলিমা, সাজিয়া রহমান, সাদিয়া শরীফ শান্তা এবং উম্মে হুমায়রা সায়কা আফছার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাফায়েত জামিল নওশান।