ইবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১৯ মার্চ , ২০২৫
ফিলিস্তিনের ধ্বংসপ্রাপ্ত গাজা উপত্যকায় ইজরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বুধবার (১৯ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন হয়। এসময় মানববন্ধনে শিক্ষার্থীরা ফিলিস্তিনে এই গণহত্যা বন্ধে বিশ্বের মুসলিম নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আজকে আমরা মুসলিম হিসেবে অনেক বেশি লজ্জিত। ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই, বোন, শিশুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। অথচ আমরা মুসলমান হিসেবে তাদের পাশে দাঁড়াতে পারছি না।
শিক্ষার্থীরা আরও বলেন, আমরা বলি বিগত ১৬ বছর আমরা ফ্যাসিজমের মধ্যে ছিলাম। ৫ আগস্ট মুক্ত হয়েছি। কিন্তু যেখানে গাজার মুসলমানেরা ইফতার করতে পারেনা, সেহরি করতে পারেনা, আজানের ধ্বনি শুনতে পারেনা। সেখানে যদি আমরা নিজেদের স্বাধীন ভাবি তাহলে সেটা আমাদের মুসলমান পরিচয় এর সাথে গাদ্দারি হবে।