প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৬ ফেব্রুয়ারি , ২০২৫
গ্যাস বা পেট্রলচালিত ফোর স্ট্রোক থ্রি-হুইলার যান (অটোরিকশা) মিটারে না চললে চালকের জরিমানা সম্পর্কিত বিআরটিএর সাম্প্রতিক নির্দেশনাটি বাতিল করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ট্রাফিক মো. সরওয়ার বলেন, রোববার সকাল থেকে অটোরিকশা চালকরা ঢাকার বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করলে বিষয়টি নিয়ে তারা বিআরটিএ এর সঙ্গে কথা বলেন। এর প্রেক্ষিতে বিআরটিএ জেল জরিমানার বিষয়ে যে চিঠিটি দিয়েছিল, সেটি প্রত্যাহার করে নিয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনসের বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে, অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য অটোরিকশা চালকদের অনুরোধ করেন।
গত ১০ ফেব্রুয়ারি বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাসের সই করা একটি চিঠি ঢাকার পুলিশ কমিশনারের দপ্তরে পাঠানো হয়। সেখানে বলা হয়, গ্যাস বা পেট্রলচালিত ফোর স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা করার ‘নির্দেশক্রমে অনুরোধ’ করা হল। সড়ক পরিবহণ আইনে ভাড়া সংক্রান্ত অপরাধে চালকের বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান জানানো হয়।
এর প্রতিবাদে মিটার অনুযায়ী ভাড়া না নেয়ার দাবিতে রোববার সকাল থেকে রাস্তা অবরোধ করে ১ দফা দাবিতে বিক্ষোভ শুরু করে অটোরিকশার চালকেরা। ।