চবি প্রতিনিধি, ক্যাম্পাস প্রকাশিত: মঙ্গলবার , ৪ মার্চ , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তির সময় জমা রাখা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সনদ তুলতে 'দা' নিয়ে আসা হৃদয় নাথ নামে এ ছাত্রকে হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সভাপতির কক্ষের সামনে থেকে প্রক্টরিয়াল বডির সদস্যরা ‘দা’সহ তাকে আটক করেন।
আটক হৃদয় নাথ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি খুবই স্পর্শকাতর।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সনদ তোলার জন্য বিভাগের অফিস কক্ষে যান হৃদয়। কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ করায় শিক্ষকরা তাকে বোঝানোর চেষ্টা করেন।
মার্কেটিং বিভাগের সহকারী রেজিস্ট্রার সুব্রত কুমার দত্ত বলেন, হৃদয় নাথ আগেই তার সনদগুলো নিয়ে গেছেন। তাকে এটা জানানোর পর তিনি উত্তেজিত হয়ে যান। একপর্যায়ে বিভাগের বাইরে গিয়ে শপিং ব্যাগে করে দা নিয়ে আসেন।
সহকারী প্রক্টর অধ্যাপক ড.বজলুর রহমান বলেন, বিভাগের ডকুমেন্টস বলছে হৃদয় প্রথম বর্ষেই তার সনদগুলো নিয়ে গেছেন। আজ (সোমবার) তিনি ব্যাগে একটি দা নিয়ে আবার সনদ নিতে আসেন। ব্যাগ হাতে দাড়িয়ে থাকতে দেখে শিক্ষকরা তার গতিবিধি সন্দেহজনক মনে করে নিরাপত্তা দপ্তরে ফোন করেন। নিরাপত্তাকর্মীরা এসে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।