প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১৬ জুলাই , ২০২৫
রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’-এর কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ৮টায় তার কবর জিয়ারত করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসন ও শিক্ষার্থীরা।
উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় শিক্ষার্থীরা শহীদ আবু সাঈদের হত্যার বিচারের দাবি জানান।
গত বছর রংপুরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুদিন স্মরণে সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করে এবং দিবসটি রাষ্ট্রীয়ভাবে শোক দিবস হিসেবে পালন করা হচ্ছে।
দিবস উপলক্ষ্যে বেরোবির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা।
আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক–ই–আজম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ, সদস্য ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শহীদ আবু সাঈদের স্মরণে যেখানে তিনি শহীদ হয়েছিলেন, সেই স্থানটিকে ‘শহীদ আবু চত্বর’ হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের উল্টোদিকে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণকাজেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।