প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ১১ মার্চ , ২০২৫
বাংলাদেশি মুদ্রা (ছাপানো টাকা ও ধাতব মুদ্রা) থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হচ্ছে। এ লক্ষ্যে নতুন নকশার নোট ছাপানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন নকশার নোট বাজারে আসবে এপ্রিল-মে মাসে। এবার টাকার নকশা থেকে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বাদ দেওয়া হচ্ছে। পরিবর্তে জুলাই বিপ্লবের গ্রাফিতিসহ বিভিন্ন স্থাপনা নতুন নোটের নকশায় স্থান পাচ্ছে। পুরোনো অনেক নকশা আবার ফিরে আসছে।
টাকা ছাপানোর সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা জানান, নতুন নোটের ডাইস, কাগজ, কালিসহ সব সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করতে হয়। সাধারণত নতুন নকশার নোট আসতে এক বছরের বেশি সময় লেগে যায়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এবারের ঈদে নতুন নোট বিনিময় করা হবে না। তবে বাজারে যেসব নোট রয়েছে, তার প্রচলন অব্যাহত থাকবে।
বিভিন্ন ব্যাংকে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে সব ধরনের নোট ও কয়েনে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। আগে এসব নোট ও কয়েনে বিভিন্ন জাতীয় স্থাপনা, ধর্মীয় স্থাপনা, জাতীয় পশু ও পাখির ছবি যুক্ত ছিল।