প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২৮ মার্চ , ২০২৫
চীনে চার দিনের সফরে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।
প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠকটি হয়।
শি-এর সঙ্গে বৈঠকের পর মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সাথে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশ নেন। চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা-বান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ ২.০ উৎপাদন ও বাজার সুযোগ এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব- এই তিনটি বিষয়ের উপর তিনটি গোলটেবিল আলোচনায়ও যোগ দেবেন।
বৈঠকে তিনি বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসা সার্কেলের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, বিখ্যাত চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন।
বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম বলেন, অধ্যাপক ইউনূস চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সংযোগের বিষয়টি তুলে ধরেছেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক ইস্যুগুলো, বাণিজ্য নিয়ে আলোচনা করেছেন। প্রতিটি বিষয় চীনের প্রেসিডেন্ট ইতিবাচক ভাইব দিয়েছেন।
“শি জিনপিং বলেছেন, অধ্যাপক ইউনূস ও তার সরকারকে চীন পূর্ণ সমর্থন দিচ্ছেন। সফরের অন্যতম দিক ছিল চীনের বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানান। চীনের বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করে সেজন্য উৎসাহিত করার কথা বলেছেন প্রেসিডেন্ট শি। আলোচনায় তিস্তা পানি ব্যবস্থাপনা প্রকল্পেও সাহায্যের বিষয়টি এসেছে। আমরা আশা করছি দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় যাবে।”