জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় মোবাইল দেখে জালিয়াতি করার সময় এক ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ ২ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদভূক্ত ‘বি’ ইউনিটের ২য় শিফটের পরীক্ষা চলাকালীন বিজনেস ফ্যাকাল্টি থেকে তাকে আটক করা হয়।
মোবাইলে জালিয়াতি করতে গিয়ে অভিযুক্ত শিক্ষার্থীর নাম পারমিতা দত্ত ভূমি। তার পিতা নয়ন দত্ত। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। এছাড়া মোবাইলে জালিয়াতিতে সহায়তা করেছে তারই বড় বোন নিবেদিতা দত্ত। তাকেও আটক করেছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার শেষ দিনে দ্বিতীয় শিফটের পরীক্ষায় ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্রের ১৯ নং কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন পারমিতা। এসময় মোবাইল দেখে উত্তরপত্র (ওএমআর) পূরণ করেছিলেন তিনি। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে আসলে শৃঙ্খলা কমিটিকে অবগত করেন । পরবর্তীতে শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডি পারমিতাকে তৎক্ষনাৎ আটক করে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার শেষদিন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটে পরীক্ষা চলাকালীন সময়ে একজন ছাত্রী পরীক্ষার হলে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মোবাইল নিয়ে প্রবেশ করে প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপে বাইরে একজনকে সেন্ড করেন। এমন সময় আমাদের কর্তব্য পরিদর্শক তাকে মোবাইলসহ ধরে ফলে এবং প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করে। আমরা ওই পরীক্ষার্থী ও তাকে জালিয়াতিতে সহায়তা করা তার বড় বোনকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। তাদের দুজনের বিরুদ্ধে ফৌজদারি আইনে প্রতারণা মামলা করা হচ্ছে।