প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ১৪ নভেম্বর , ২০২৫
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ) দেশের সব আদালত, বিচারকদের বাসস্থান এবং তাদের যাতায়াতের সময় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিয়োগসহ দুই দফা দাবি জানিয়েছে। তারা জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে রোববার থেকে সারাদেশে বিচারকেরা একযোগে কলম বিরতি পালন করবেন।
শুক্রবার (১৪ নভেম্বর) বিজেএসএ সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সতর্কতা দেওয়া হয়।
বিবৃতিতে রাজশাহীর সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে আরেকটি দাবি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, বিচারকদের নিরাপত্তায় অবহেলা এবং গ্রেফতার আসামিকে আইনবহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদার আচরণ প্রদর্শনের দায়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
রাজশাহীতে বিচারকের পরিবারের ওপর নৃশংস হামলার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে বিজেএসএ জানায়, রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসভবনে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে তার ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) কে হত্যা এবং স্ত্রী তাসমিন নাহারকে গুরুতরভাবে আহত করেছে। সংগঠনটি সুমনের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানায়।
বিজেএসএ বলেছে, প্রকাশ্য দিবালোকে বিচারক পরিবারের ওপর এমন বর্বরোচিত হামলায় পুরো বিচার বিভাগ আজ স্তম্ভিত। দেশের বিচারকরা চরম ক্ষোভে ফুঁসে উঠেছেন। সংগঠনটির অভিযোগ, আদালতপ্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসা ও গাড়ির নিরাপত্তা জোরদারে সুপ্রিম কোর্ট বহুবার চিঠি পাঠালেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিচারকরা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের ও তাদের পরিবারের জন্য নিরাপত্তা, আবাসন ও পরিবহণ ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি রয়েছে। জেলা ও চৌকি আদালতের বহু বিচারক অরক্ষিত ভাড়া বাসায় থাকতে বাধ্য হন, রিকশা বা পায়ে হেঁটে যাতায়াত করেন—যার কোনো সমাধান দীর্ঘদিনেও হয়নি। বিচার বিভাগের প্রতি রাষ্ট্রীয় উদাসীনতা ও গাফিলতির ফলেই আজকের এই মর্মান্তিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।