প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৩০ জানুয়ারী , ২০২৫
আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘লঞ্চ অ্যা ডিফারেন্ট ওয়ার্ল্ড ২০২৪’-এ প্রথম পুরস্কার জিতেছে 'টিম রিপারপাস' নামে একটি দল; যেই দলের পাঁচজন সদস্যের তিনজনই ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী।
প্লাস্টিকের পুনঃব্যবহারের অভিনব কৌশল দেখিয়ে প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে দলটি পাচ্ছে ১৫০০ মার্কিন ডলার।
টিম রিপারপাস পুনঃব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে কম খরচে থ্রিডি প্রিন্টিং উপকরণ এবং টেকসই পণ্য তৈরি করার মাধ্যমে প্লাস্টিক বর্জ্য কমানো, সমাজের উন্নয়ন এবং পুনঃব্যবহারযোগ্য অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ধারনা তৈরি করেছে।
ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্ক এর সোশ্যাল এন্টারপ্রেনারশিপ প্র্যাক্টিকাম নামক কোর্সের অধীনে আন্তর্জাতিক এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে।
কোর্সটিতে বাংলাদেশ, ফিলিস্তিন, কিরগিজস্তান, বুলগেরিয়া, যুক্তরাষ্ট্র, লিথুয়ানিয়া, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, ফিলিপাইন ও ঘানার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের শিক্ষকরা যৌথভাবে পড়িয়েছেন। প্রতিযোগিতার পুরস্কার স্পন্সর করেছে যুক্তরাষ্ট্রের বার্ড কলেজ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এই কোর্সটি পরিচালনা করেন ব্র্যাক বিজনেস স্কুলের ড. সেবাস্টিয়ান গ্রোহ এবং স্কুল অফ জেনারেল এডুকেশনের নীলানা নওশিন।
‘টিম রিপারপাসে’ ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা হলেন এমবিএ শিক্ষার্থী মোহাম্মদ ইমরান উদ্দিন, বিবিএ শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ এবং আবতাহী আবরার। দলের অন্য দুই সদস্য হলেন ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির ওশানোগ্রাফি বিভাগের শিক্ষার্থী ওয়েই জু হুয়াং এবং আমেরিকান ইউনিভার্সিটি ইন বুলগেরিয়ার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মারিয়া ফ্লাইকোভা।
দলটি বাংলাদেশে আর্কিটেকচারাল মডেল এবং উপহার তৈরির জন্য থ্রিডি প্রিন্টিং ফিলামেন্ট পরীক্ষার জন্য পাইলট প্রকল্প শুরুর পরিকল্পনা করছে। তারা আইন্দহোভেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ফিলামেন্ট কোম্পানি রিসাইক্লিং ফেব্রিক এবং থ্রিডি প্রিন্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ট্যানজিবল ক্রিয়েটিভ-এর মতো প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন।