ইবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ৩০ জুলাই , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ দৃঢ় ভাষায় জানিয়েছেন, শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর ঘটনা কোনোভাবেই ধামাচাপা দেওয়া হবে না। আল্লাহর নামে শপথ করে তিনি বলেন, “এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হবে। বর্তমান কমিটি যদি রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়, তাহলে প্রয়োজনে পিবিআই, সিআইডি বা অন্যান্য উচ্চ পর্যায়ের তদন্ত সংস্থার মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে।”
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সাজিদের মৃত্যুর বিচারের দাবিতে ক্যাম্পাসে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আন্দোলনে অংশ নেয় বিভিন্ন ছাত্রসংগঠন, যেমন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া। বিক্ষোভে শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি সত্য উদ্ঘাটনে প্রশাসন ব্যর্থ হয়, তবে তাদের পদত্যাগ করতে হবে।”
এদিকে বিশ্ববিদ্যালয়ের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন জানান, তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী শনিবার বা রোববারের মধ্যে প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে। প্রয়োজনে পরবর্তীতে পুলিশ প্রশাসন আরও গভীর তদন্ত চালাবে।”
উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পাশে পুকুরে ভেসে থাকা সাজিদের লাশ দেখতে পান শিক্ষার্থীরা। পরে সন্ধ্যায় পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতিতে লাশটি উদ্ধার করা হয়। সাজিদ আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহীদ জিয়াউর রহমান হলের ১০৯ নম্বর কক্ষে থাকতেন এবং তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়।
ঘটনার পর প্রশাসন ও হল কর্তৃপক্ষ আলাদাভাবে দুটি তদন্ত কমিটি গঠন করে। সাজিদের অকাল মৃত্যু ঘিরে পুরো ক্যাম্পাসে চলছে তীব্র আলোচনার ঝড় ও বিচার দাবির জোরালো সাড়া।