প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২১ ফেব্রুয়ারি , ২০২৫
জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের দিন রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়া খোকন চন্দ্র বর্মণকে উন্নত চিকিৎসার জন্য রাশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার ভোরে তাকে রাশিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে। তার সঙ্গে রয়েছেন প্রশিক্ষিত সার্জন ডাক্তার মো. মাহমুদুল হাসান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি চলাকালে গত ৫ আগস্ট দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন খোকন চন্দ্র বর্মণ। তিনি পেশায় একজন গাড়িচালক।
সে দিন কাছ থেকে করা পুলিশের ছোড়া গুলিতে খোকনের ওপরের ঠোঁট, মাড়ি, নাক, তালু—এগুলোর এখন আর কোনো অস্তিত্ব নেই। বলা যায়, সেখানে বড় একটি গর্ত হয়ে আছে।
গুলির আঘাতে ২৩ বছর বয়সী এই তরুণের পুরো মুখ বিকৃত হয়ে গেছে। চেহারা দেখেও এখন আর তাকে শনাক্ত করার উপায় নেই।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত খোকনের মুখ পুনর্গঠনের প্রক্রিয়াটি বেশ জটিল। দীর্ঘ চেষ্টার পর এ বিষয়ে দক্ষ রাশিয়ার রাজধানী মস্কোর ইউনিভার্সিটি ক্লিনিক অব লোমোনোসোভ হাসপাতাল তার মুখ পুনর্গঠনের চ্যালেঞ্জটি নিতে সম্মত হয়েছে।
প্রাথমিকভাবে মস্কোর হাসপাতালে খোকনের প্রাক মূল্যায়ন করা হবে। একইসঙ্গে থ্রি-ডি অ্যানিমেশনের মাধ্যমে তার চেহারাকে আগের অবস্থায় ফেরত আনার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি মডেল দাঁড় করানো হবে।
মডেল অনুযায়ী, তার মুখ পুনর্গঠনের জন্য মূল সার্জারি মার্চের ২০ তারিখ বা তার কাছাকাছি সময়ে শুরু হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।