ঢাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ৭ মার্চ , ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল, নবগঠিত গণতান্ত্রিক ছাত্রসংসদের এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক ইন্টারনেট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করায় কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর সদস্যপদ স্থগিত করেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ।
শুক্রবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তার চাঁদা দাবির বিষয়টি সামনে আনেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন।
তার পোস্ট দেওয়ার কিছু সময় পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে অপুর সদস্যপদ স্থগিতের পাশাপাশি তাকে এক দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছে নতুন সংগঠন ছাত্রসংসদ।
রাশেদ খাঁন ফেসবুক পোস্টে লিখেছেন, “আমার এলাকার এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রডব্যান্ডের ইন্টারনেটের ব্যবসা করে। সে বেশ কয়েকদিন কল দিয়ে সাক্ষাৎ করতে চাচ্ছিলো। সময় দিতে পারিনি। আজকে তাকে অফিসে আসতে বলি।
“সে আজ অফিসে এসে আমাকে জানায়, তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু।গোলাম কিবরিয়া অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী।”
ওই ইন্টারনেট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়ার কথা তুলে ধরে তিনি লেখেন, “ছেলেটি আজকে আমার কাছে এসে অভিযোগ দেয়। আমি তার কাছে তথ্যপ্রমাণ চাই। সে আমাকে রেকর্ড শোনায়।
“আমি তাকে বলি, অপুকে কল দাও। কল দিলে দেখি ঘটনা সত্য। সে ৫০ হাজার চায়, পরে ৩০ হাজার দেওয়ার জন্য বলে।”
ব্যবসায়ী এবং অপুর কথোপকথন সংরক্ষণ করার কথা জানিয়ে রাশেদ খাঁন লেখেন, “আমি বিষয়টি জানানোর জন্য সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকেরকে কল করি, তাকে না পেয়ে সংগঠনের সদস্য সচিব জাহিদ আহসানকে অবহিত করি। সে ভুক্তভোগীর সাথে কথা বলে এবং আমাকে তথ্যপ্রমাণ পাঠাতে বলে।”
এরপর তিনি লেখেন, “নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন নতুন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গঠিত হয়েছে। আমি তাদের সাফল্য কামনা করি।
“কিন্তু সংগঠনে অন্তর্ভুক্ত কেউ ছাত্রলীগের স্টাইলে হলে দখলদারিত্ব ও চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হোক, সেটি প্রত্যাশা করিনা। আশা করি, গণতান্ত্রিক ছাত্র সংসদ অপুর বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।”
এমন গুরুতর অভিযোগ তুলে ধরে রাশেদ খাঁনের এই পোস্ট কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ব্যবসায়ী এবং অপুর কথোপকথনের রেকর্ডও প্রকাশ হয়েছে ফেসবুকে।
পরে রাত পৌনে ১টার দিকে সংবাদমাধ্যমে জরুরি বিজ্ঞপ্তি পাঠান গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সাংগঠনিক আচরণবিধি ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এর সদস্য পদ স্থগিত করা হলো এবং তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হলো।”
শেখ হাসিনার সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগ গঠিত নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রসংসদ’-এর কেন্দ্রীয় পদে আসা গোলাম কিবরিয়া অপু এর আগে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন।