প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১২ ফেব্রুয়ারি , ২০২৫
জোড়ালো অবস্থান আর কড়া প্রতিবাদের পর কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার রাত ১১টার পর দক্ষিণ বাঁশজানি-ভারত সীমান্ত এলাকার গাছের ওপর লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয়।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান সিসিটিভি খুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার সকালে বিএসএফ আন্তর্জাতিক সীমানাপিলার ৯৭৮–এর ৯ এস সাবপিলারের পাশে ভারতের নো ম্যান্স ল্যান্ডে গাছের ওপর সিসিটিভি ক্যামেরাটি লাগায়।
ওই ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় এবং সোমবার দিনভর বিজিবি ও বিএসএফের ক্যাম্প এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা পতাকা বৈঠক হলেও সুরাহা হয়নি।
মঙ্গলবার দুপুরে দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির জোড়ালো অবস্থান ও কড়া প্রতিবাদের মুখে সীমান্ত থেকে সিসি ক্যামেরা সরিয়ে নিতে সম্মত হয় বিএসএফ।
বৈঠকে বিজিবির পক্ষে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফের পক্ষে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন।
লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, বিজিবির জোরালো অবস্থানের কারণে ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার সিসি ক্যামেরাটি খুলে ফেলার বিষয় আমাদের আশ্বস্ত করেন।