জবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৩ জুন , ২০২৫
পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নুতন ক্যাম্পাস নির্মাণের জন্য সবশেষ ১১ দশমিক ৪০ একর জমিও বুঝিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এতথ্য জানিয়ে বলা হয়, জেলা প্রশাসকের কার্যালয় ঢাকার ৯/২০২২-২০২৩ নং এলএ কেস মূলে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় কেরানীগঞ্জ উপজেলাধীন পশ্চিমদী মৌজায় ১১.৪০ একর ভূমি অধিগ্রহণ করে জেলা প্রশাসন ৩ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।
“ইতিপূর্বে ২/২০১৮-২০১৯ নং এলএ কেস মূলে কেরানীগঞ্জ উপজেলাধীন পশ্চিমদী মৌজায় ১৮৮.৬০ একর ভূমি অধিগ্রহণ করে গত ২০২০ সালের ২৩ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দখল বুঝিয়ে দেওয়া হয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের জন্য জেলা প্রশাসন, ঢাকা সর্বমোট ২০০ একর ভূমি অধিগ্রহণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দখল বুঝিয়ে দিয়েছে।”
দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের পরিচালক আমিরুল ইসলাম বলেন, জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয় ২০১৮ সালে, তবে প্রকল্পটি দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতায় আটকে ছিল। আমি ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রকল্পটি এগিয়ে নিতে তৎপর হই। ২০২৪ সালের জুলাইয়ে সংশোধিত আরডিপিপি অনুমোদিত হওয়ায় এখন পূর্ণগতিতে কাজ শুরু হয়েছে। সেনাবাহিনী নির্মাণ কার্যক্রমে যুক্ত হয়েছে এবং টেন্ডারসহ অন্যান্য প্রক্রিয়াও চলছে। আশা করছি, খুব শিগগিরই দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।
জেলা প্রশাসক, ঢাকার নির্দেশে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, কানুনগো ও সার্ভেয়ার সরেজমিনে উপস্থিত থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের অধিগৃহীত ভূমির দখল প্রত্যাশী সংস্থা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দিয়ে অধিগ্রহণের কাজ সমাপ্ত করেছেন। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার, শিক্ষকবৃন্দ এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।