ঢাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১২ ফেব্রুয়ারি , ২০২৫
অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী আন্তর্জাতিক মাল্টিফেইথ কর্মশালার সমাপনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র, যুক্তরাষ্ট্র ভিত্তিক মাল্টি-ফেইথ নেইবারস নেটওয়ার্ক (এমএফএনএন) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এর যৌথ আয়োজনে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে এ কর্মশালা।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ বিভিন্ন ধর্মীয় নেতা ও সংস্থার প্রতিনিধিগণ অংশ নেন।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালা আয়োজক কমিটির আহ্বায়ক এবং আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট এ কে এম মজিবুর রহমান বক্তব্য রাখেন।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষের মধ্যে অসাধারণ সম্প্রীতি বিরাজ করছে। মানবিক মূল্যবোধ ধারণ এবং পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সামাজিক ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মানুষের মাঝে বিভেদ ও বিভাজন দূর করতে সকলকে সচেষ্ট থাকতে হবে। ব্যক্তিজীবনেও এর অনুশীলন করতে হবে।