ববি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি , ২০২৫
ফেইসবুকে পোস্ট লিখে দীর্ঘদিন প্রকাশ্য রাজনীতি এড়িয়ে চলা ইসলামি ছাত্রশিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার সভাপতি হিসাবে পরিচয় দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ২০১৬-১৭ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ আমিনুল ইসলাম।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে নিজ টাইমলাইনে একটি রাজনৈতিক বার্তা দেন আমিনুল। সেখানে নিজেকে ববি শাখা শিবিরের সভাপতি পরিচয় দেন তিনি।
আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেকটা আড়ালে থেকেই দলীয় কাজ পরিচালনা করেছে শিবির। এই আচরণের জন্য রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনারও শিকার হয়েছে তারা।
গত ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পরাজয়ের পর প্রকাশ্যে আসতে শুরু করেন শিবির ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতারা। এর অংশ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতা হিসাবে পরিচয় দেন কয়েকজন যারা জুলাই বিপ্লবে বেশ সক্রিয় ভূমিকা রেখেছিলেন বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়েছিলেন।
এসব ঘটনায় ক্যাম্পাসগুলোতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এক পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে এভাবে ফেইসবুকে পোস্ট দিযে আত্মপ্রকাশ করে শিবিরের কমিটিগুলো।
দীর্ঘ বিরতি দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়েও এমন ঘটনা ঘটলো; যদিও প্রতিষ্ঠানটিতে গত ১১ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক কর্মকাণ্ড আিইনত নিষিদ্ধ রয়েছে।
ছাত্রশিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যেগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে মঙ্গলবার দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসবের ঘোষণা দেওয়া হয়েছিল। সেই উৎসব শুরুর আগেই একজন নিজেকে শিবিরের নেতা পরিচয় দিয়ে সামনে এলেন।