ঢাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ৫ নভেম্বর , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী বইমেলা। এ আয়োজনে দেশের স্বনামধন্য ২৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় ইসলামি সাহিত্য, গবেষণাধর্মী বই, সীরাত, কবিতা ও শিশুতোষসহ নানা ঘরানার বই পাওয়া যাবে।
আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল জানিয়েছে, পাঠকদের জন্য শুধু বই নয়, থাকছে সাংস্কৃতিক ও শিক্ষামূলক নানা আয়োজনও। এর মধ্যে রয়েছে লেখক-পাঠক আড্ডা, বিনামূল্যে কফি কর্নার, কোরআন তিলাওয়াত, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, বিনামূল্যে গাছের চারা বিতরণ, অনুপ্রেরণামূলক বক্তৃতা ও সেমিনার।
মেলার প্রথম দিন বৃহস্পতিবার দুপুরে টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে “ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলাম : প্রসঙ্গ কথা” শীর্ষক মুক্ত আলোচনা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবাইর মুহাম্মদ এহসানুল হক। বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক ড. মো. এনামুল হক (ডিন, জীববিজ্ঞান অনুষদ), অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ (প্রক্টর) এবং লেখক-গবেষক জাকারিয়া মাসুদ।
এছাড়া মেলার শেষ দিন রোববার (৯ নভেম্বর) দুপুর ২টায় একই স্থানে অনুষ্ঠিত হবে “শরিয়াহ আইনে ব্লাসফেমী” বিষয়ক মুক্ত আলোচনা। প্রথম দিন বাদ মাগরিব অনুষ্ঠিত হবে টিম তাজকিরাহর পরিবেশনায় কোরআন তিলাওয়াত।
মেলায় অংশ নেওয়া প্রকাশনীর মধ্যে রয়েছে সন্দীপন প্রকাশন, সিয়ান পাবলিকেশন, রুহামা পাবলিকেশন, সমকালীন প্রকাশন, রাহনুমা প্রকাশনী, মাকতাবাতুল আযহার, নবপ্রকাশ, প্রচ্ছদ প্রকাশন, গার্ডিয়ান পাবলিকেশন্স, ইহদা পাবলিকেশন, সোজলার পাবলিকেশন, বিআইআইটি পাবলিকেশন্স, ওয়াফি পাবলিকেশন, কালান্তর প্রকাশনী, রাইয়ান প্রকাশন, চেতনা, মাকতাবাতুল আশরাফ, মাকতাবাতুল আসলাফ, উমেদ প্রকাশ, সিজদাহ পাবলিকেশন, ফাউন্টেন পাবলিকেশন্স, নাশাত পাবলিকেশন, আইসিএস পাবলিকেশন, বিন্দু প্রকাশ, সুকুন পাবলিশিং, পথিক প্রকাশন, পেনফিল্ড পাবলিকেশন এবং মাকতাবাতুল হাসান।
দেশের সকল বইপ্রেমী, শিক্ষার্থী, গবেষক ও সাধারণ দর্শনার্থীদেরকে পরিবারসহ মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।