জাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ২ সেপ্টেম্বর , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভয়ভীতি প্রদর্শন ও প্রার্থিতা প্রত্যাহারে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
অভিযোগে জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী আরিফুর সাদী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী এবং রফিক-জব্বার হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী তানজিম হোসেন।
তানজিম সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের কাছে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ২০ আগস্ট রাত ১০টার দিকে ৫২তম আবর্তনের কয়েকজন শিক্ষার্থী তাকে হলে ডেকে নিয়ে যান। সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদী তাকে ভয়ভীতি প্রদর্শন করে বলেন, “৫৩তম আবর্তনের কাউকে কোনো পদ নিতে দেওয়া হবে না, এই সিদ্ধান্ত তার জন্য ক্ষতিকর ও ধ্বংসাত্মক হবে।” পরবর্তীতে ২৬ আগস্ট একটি ফেক জিমেইল আইডি থেকে তার কাছে ওই ঘটনার অডিও ক্লিপ পাঠানো হয়, যেখানে হুমকিমূলক কথাবার্তা শোনা যায়। তিনি অভিযোগ করেন, এর পর থেকে তিনি মানসিক চাপে আছেন এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভুগছেন।
তবে অভিযোগ অস্বীকার করে আরিফুর সাদী জানান, তিনি হুমকি দেননি, বরং “ভাই হিসেবে পরামর্শ দিয়েছেন”। তার দাবি, অডিও ক্লিপে কাটছাঁট করা হয়েছে।
রফিক-জব্বার হল সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান ভুঁইয়া বলেন, অভিযোগটি প্রক্রিয়াধীন রয়েছে, এ বিষয়ে উভয় পক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে।
এদিকে, জাকসু নির্বাচন ঘিরে আরও বিতর্ক সৃষ্টি হয় যখন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক প্রার্থী দাবি করেন, “আওয়ামীপন্থি ফ্যাসিস্ট শিক্ষকদের বিচার না হলে জাকসু নির্বাচন হতে দেওয়া হবে না।” তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, কোনো অপশক্তি নির্বাচনী প্রক্রিয়া আটকাতে পারবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, প্রার্থীদের দাবি বিবেচনা করে নির্বাচন কমিশন ব্যালট পেপারে প্রার্থীদের ডাকনাম সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীরা চাইলে আগামী ২ সেপ্টেম্বর বিকেল ৪টার মধ্যে লিখিতভাবে আবেদন করতে পারবেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন ঘিরে হুমকি-ভীতি ও নানা বিতর্ক শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। তবে প্রশাসন ও নির্বাচন কমিশন বলছে, সব বাধা অতিক্রম করেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।