জাবি প্রতিনিধি প্রকাশিত: সোমবার , ২৫ আগস্ট , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এক দম্পতি। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন একজন বিদেশি শিক্ষার্থী ও শারীরিক প্রতিবন্ধকতা জয় করা কয়েকজন শিক্ষার্থীও।
‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর প্যানেল থেকে নির্বাচনে লড়বেন গণিত বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী তারিকুল ইসলাম ও ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী নিগার সুলতানা। বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে তারা প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পান। তারিকুল কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর নিগার সুলতানা লড়বেন সহ–সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে।
তারিকুল ইসলাম জানান, “আমরা দুজনেই শিবিরের প্যানেল থেকে মনোনয়ন পেয়েছি। আমি শাখা ছাত্রশিবিরের সদস্য হলেও আমার স্ত্রী কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নয়। তবে সে সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে আগ্রহী।”
এদিকে শারীরিক প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রতিদ্বন্দ্বিতা করছেন কয়েকজন শিক্ষার্থী। তাদের মধ্যে আছেন—বাংলা বিভাগের ৪৯তম ব্যাচের মো. সজীব চৌধুরী, একই ব্যাচের আইরিন সুলতানা আঁখি, সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের সাদ্দাম আলী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১তম ব্যাচের আব্দুল্লাহ আলিফ এবং ইতিহাস বিভাগের ৫৩তম ব্যাচের মহসীন আলী।
দৃষ্টিশক্তি হারিয়েও মো. সজীব চৌধুরী শিক্ষাজীবন ও সংগঠনী কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তিনি বর্তমানে ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এবং এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংসদের ভিপি পদে লড়ছেন। আইরিন সুলতানা আঁখি জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী, তবে তিনি কেন্দ্রীয় সংসদের সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে শাখা ছাত্রদলের শহীদ সালাম বরকত হলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলিফ শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও নির্বাচনে অংশ নিচ্ছেন।
এবারের নির্বাচনে বিদেশি শিক্ষার্থী হিসেবেও মনোনয়নপত্র জমা পড়েছে। ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের নেপালি শিক্ষার্থী ও রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।
ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও বেশি দায়িত্বশীল করবে, ইনশাআল্লাহ।”