যবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ৮ ফেব্রুয়ারি , ২০২৫
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষে প্রক্টর ড. আমজাদ হোসেনসহ আহত হয়েছেন অন্তত ৮ জন।
শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কয়েক দফায় চলে সংঘর্ষ, হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাস কমিটি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে শিক্ষার্থীদের একটি অংশ কমিটি চায় না। এ নিয়ে গত দুদিন ধরে ক্যাম্পাসে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছিল।
সর্বশেষ শুক্রবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কমিটির পক্ষের কয়েকজন শিক্ষার্থীর সাথে কম্পিউটার বিজ্ঞান (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়।
বিষয়টি প্রক্টর অফিসে মীমাংসার জন্য গেলে সিএসই বিভাগের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ক্যাম্পাসে কয়েক দফা ইট-পাটকেল ছুড়তে থাকেন দুই পক্ষের শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা অনেক চেষ্টার পরও ব্যর্থ হন। পরে উপাচার্য ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মজিদ জানিয়েছেন, ক্যাম্পাসে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।