রাবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ২২ জুন , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে বান্ধবীকে নিয়ে রাত্রিযাপনের অভিযোগে এক ছাত্রের আসন বাতিল করেছে কর্তৃপক্ষ।
ঘটনার ১৭ দিন পর শনিবার (২১ জুন) বিষয়টি জানাজানি হওয়ার পর ওই শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন।
এর আগে ৪ জুন রাতে ওই ছাত্র তার নারী সহপাঠীকে শার্ট ও মাথায় ক্যাপ পরিয়ে নিজ হলের ১৫৩ নম্বর কক্ষে নিয়ে যান বলে জানান তিনি।
হল থেকে বহিষ্কৃত নাজমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি মাদারীপুরের বাসিন্দা। তার বান্ধবীও একই বিভাগের ছাত্রী।
প্রত্যক্ষদর্শী হলের দুজন শিক্ষার্থী ও এক নিরাপত্তা প্রহরী বলেন, ৪ জুন ভোরে তাদের সামনে দিয়ে একজন ছাত্র একটি সাইকেল চালিয়ে হল থেকে বের হচ্ছিলেন। তার সাইকেলের পেছনে একজন নারী বসে ছিলেন। তার গায়ে শার্ট আর মাথায় ক্যাপ পরা ছিল। বিষয়টি অস্বাভাবিক লাগায় তাকে ধরার চেষ্টা করেও তারা ব্যর্থ হন।
হল থেকে বহিষ্কৃত নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেন, “৩ জুন আমার জন্মদিন ছিল। কেক কাটতে কাটতে রাত হয়ে যায়। অন্যদিকে মেয়েটিকে ঈদের ছুটির জন্য মেস থেকে ৩ তারিখের মধ্যে চলে যেতে বলা হয়।”
“তখন মেয়েটি অনুরোধ করলে আমি মানবিক কারণে ওকে হলে নিয়ে আসি। পরদিন সকালে চলে যায়। বিষয়টি আমি প্রভোস্ট স্যারকে খুলে বলেছি, তিনি আমাকে হল থেকে বহিষ্কার করেন এবং বলেন, বিষয়টি বাইরে জানাজানি হবে না।”
শহীদ হবিবুর রহমান হলের প্রভোস্ট মোতাহার হোসেন বলেন, “ঘটনাটি সত্য এবং আমরা এরই মধ্যে ব্যবস্থা নিয়েছি। ওই শিক্ষার্থীর সিট বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিকে বিষয়টি জানানো হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, এটা অত্যন্ত গুরুতর ও সাংঘাতিক ঘটনা। সত্যতা যাচাই করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।