ইবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ৬ আগস্ট , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এখন পর্যন্ত লিখিত আদেশ না পেলেও মৌখিক নির্দেশনার ভিত্তিতে তদন্ত কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি। এরইমধ্যে তারা বেশ কিছু আলামত সংগ্রহ করেছে বলে জানা গেছে।
বুধবার (৬ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয় থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও ইবি থানা পুলিশও পৃথকভাবে তথ্য সংগ্রহ করছে।
সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ গত ৪ আগস্ট ইবি থানায় একটি হত্যা মামলা করেন। তিনি মামলার তদন্ত ভার সিআইডির হাতে দেওয়ার দাবি জানান। বিষয়টি প্রক্রিয়াধীন থাকলেও সময়সাপেক্ষ হওয়ায় তদন্ত দ্রুত শুরুর লক্ষ্যে সিআইডিকে মৌখিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
ময়নাতদন্তের জন্য সংগ্রহ করা ভিসেরা রিপোর্ট গত ৩ আগস্ট বিশ্ববিদ্যালয় থানা পুলিশের কাছে পৌঁছায়। এতে উল্লেখ করা হয়, সাজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃত্যুর সময় উল্লেখ করা হয়েছে ১৬ জুলাই দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টা।
সাজিদের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উন্মোচনে এখন তিনটি সংস্থা সমানতালে কাজ করছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্তের অগ্রগতি সাপেক্ষে দ্রুতই মামলা আনুষ্ঠানিকভাবে সিআইডির কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।