প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ১৬ জুন , ২০২৫
পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ জুন) ভোরে হাইকোর্ট গেটের বাহিরে কে বা কাহারা ২টি ককটেল ছুড়ে। এর মধ্যে একটি গেটের বাহিরে বিস্ফোরিত হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, সোমবার ভোর ৫টা ২৫ মিনিটের দিকে ট্রাইব্যুনালের সামনে পাকা রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে।
খালিদ মনসুর বলেন, এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন আছে। তবে এখন পর্যন্ত এর সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘটনার দিন দুপুরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার শুনানি হয়েছে। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও এই মামলার আসামি।
শেখ হাসিনার মামলার শুনানির দিন ককটেল বিস্ফোরণের ঘটনা বিচার বাধাগ্রস্ত করার কোনো চেষ্টা কি না; এক সাংবাদিকের এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “আমরা এগুলো আমলে নিচ্ছি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো ডিল করবে। বাংলাদেশের যে অপরাধ সংগঠিত হয়েছে তার বিচারপ্রক্রিয়া স্মুথলি অগ্রসর হতে থাকবে।”
কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে, সে ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।