জাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ১০ ফেব্রুয়ারি , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রদের ভর্তি পরীক্ষা চারটি শিফটে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৮৬ শতাংশ।
গতকাল অনুষ্ঠিত ‘ডি’ ইউনিটের ছাত্রীদের পরীক্ষা মোট পাঁচটি শিফটে ছাত্রীদের উপস্থিতির হার ছিল ৮৩ শতাংশ। ছাত্র-ছাত্রীদের উপস্থিতি পর্যালোচনায় এই ইউনিটে সর্বমোট উপস্থিতি ৮৫ শতাংশ৷
এছাড়া পঞ্চম শিফটে আইবিএ-জেইউ (ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন) এর (ছেলে-মেয়ে উভয়) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট উপস্থিতি ছিলো ৭২ শতাংশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভর্তিচ্ছু ছাত্রদের ভর্তি পরীক্ষা প্রথম শিফট থেকে শুরু হয়ে দুপুর ২টা ৫০ মিনিটে ৪র্থ শিফটের মাধ্যমে ‘ডি’ ইউনিটের ছাত্রদের পরীক্ষা শেষ হয়।
এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে (৫ম শিফট) আইবিএ-জেইউ এর ভর্তি পরীক্ষা শুরু হয়ে ৪টা ১৫ মিনিটে শেষ হয়।
জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, ‘ডি’ ইউনিট জীববিজ্ঞান অনুষদ ছাত্রীদের মোট আসন সংখ্যা ১৫৫টি এবং ছাত্রদের মোট আসন সংখ্যা ১৫৫টি। এর মধ্যে গতকালের ছাত্রীদের পরীক্ষায় প্রায় ৪৭ হাজার ৬৯২ জন পরীক্ষার্থীর আবেদন জমা পড়েছিল৷ এর মধ্যে উপস্থিত ছিলেন ৩৯ হাজার ৯৬৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী৷ আজ সোমবার অনুষ্ঠিত ছাত্রদের পরীক্ষায় প্রায় ৩৯ হাজার ৭৬ জন পরীক্ষার্থীর আবেদন জমা পড়েছিল৷ এর মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৭১২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী৷ সে হিসেবে ভর্তিচ্ছু ছাত্রীদের উপস্থিতির হার ছিল প্রায় ৮৩.৮০ শতাংশ এবং ভর্তিচ্ছু ছাত্রদের উপস্থিতির হার ছিল প্রায় ৮৬.২৭ শতাংশ৷
এছাড়া, ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলের ঘোষণার ব্যাপারে তিনি বলেন, আজ রাত অথবা মঙ্গলবার সকালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে ‘ডি’ ইউনিটের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে৷
এদিকে উপস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গতকালে অনুষ্ঠিত ছাত্রীদের ভর্তি পরীক্ষায় প্রথম শিফটে উপস্থিতির হার ছিল ৮২ শতাংশ, দ্বিতীয় শিফটে ৮২ শতাংশ, তৃতীয় শিফটে ৮৪ শতাংশ, চতুর্থ শিফটে ৮১ শতাংশ এবং পঞ্চম শিফটে ৮২ শতাংশ। আজ সোমবার অনুষ্ঠিত ছাত্রদের ভর্তি পরীক্ষায় প্রথম শিফটে উপস্থিতির হার ছিল ৮৫.২৯ শতাংশ, দ্বিতীয় শিফটে ৮৬.২৭ শতাংশ, তৃতীয় শিফটে ৮৬.৭৩ শতাংশ এবং চতুর্থ শিফটে ৮৬.৭৯ শতাংশ৷
আইবিএ-জেইউ ইনস্টিটিউটের পরীক্ষার বিষয়ে ইন্সটিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন’র (আইবিএ-জেইউ) পরিচালক অধ্যাপক আইরীন আক্তার বলেন, ‘আইবিএ-জেইউ’এ ৫০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৬৮৮টি। পরীক্ষায় ৩৪৪৭ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সে হিসেবে উপস্থিতির হার ছিল ৭২ শতাংশ।
আগামীকাল ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে প্রথম শিফটে ছাত্রী এবং দ্বিতীয় শিফটে ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত 'ই' ইউনিটে মোট আসন ২০০। আবেদন পড়েছে ১৫,১৮১টি। আসন প্রতি লড়বেন ৭৬ জন৷
পরের তিনটি শিফটে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটে ভর্তিচ্ছু ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১২ ফেব্রুয়ারি বুধবার ‘এ’ ইউনিটে ৫ শিফটে ভর্তিচ্ছু ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের অন্তর্ভুক্ত ‘এ’ ইউনিটে মোট আসন ৪২৬। আবেদন পড়েছে ৭৩,১৬১টি। এতে আসন প্রতি লড়বেন ১৭২ জন।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে৷